নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

“তাকে ফাঁসি দিয়ে অন্যদের আড়াল করা হলে তা কখনোই ন্যায়বিচার হবে না”

শুধু ফয়সাল যেন বলির পাঁঠা না হয়: হাদির বোন

শহিদ ওসমান হাদি ও তার বোন মাসুমা হাদি।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, “শুধু ফয়সাল যেন বলির পাঁঠা না হয়। ফয়সালের ফাঁসি দিয়ে অন্যদের আড়াল করা হলে তা কখনোই ন্যায়বিচার হবে না।”

সোমবার (৯ মার্চ) হাদির বোন মাসুমা ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকার বাড়িতে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

হাদি হত্যাকাণ্ডের আড়াই মাস পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

রোববার এসটিএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়।

ফয়সাল গ্রেপ্তার হলেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না হাদির পরিবার। নিহতের বোন মাসুমা হাদি বলেছেন, শুধু ফয়সালকে ফাঁসি দিয়ে যেন ‘পর্দার আড়ালের মূল খুনিদের’ আড়াল করা না হয়।’

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী।

গুরুতর আহত হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর আসে।

মন্তব্য করুন