তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০১:০৮ পিএম

অনলাইন সংস্করণ

ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত ফের তীব্র

লেবাননে ১ সপ্তাহে বাস্তুচ্যুত ৫ লাখ মানুষ

ইরান-ইসরাইল যুদ্ধের জেরে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর লেবাননে পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। রোববার (৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে লেবাননের সমাজকল্যাণমন্ত্রী হানিন সায়েদ এ তথ্য জানান।

হানিন সায়েদ জানান, মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত একটি ওয়েবসাইটে নিবন্ধিত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার জনে। সোমবার থেকে লেবাননে আবার সংঘর্ষ শুরু হওয়ার পর এ নিবন্ধন করা হয়েছে। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ২৮ জন সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

এদিকে লেবাননে আগ্রাসন আরও বিস্তৃত করেছে ইসরায়েলি। প্রথমবারের মতো রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলেও হামলা চালিয়েছে তারা। এতে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে।

রোববার (৮ মার্চ) ভোরে একটি ইসরাইলি ড্রোন সমুদ্রতীরবর্তী এলাকা রাউশের একটি হোটেলে হামলা চালায়। এ এলাকাটি পর্যটকদের কাছে জনপ্রিয় এবং সাম্প্রতিক সময়ে লড়াই থেকে পালিয়ে আসা হাজারো বাস্তুচ্যুত লেবানিজও এখানে আশ্রয় নিয়েছিলেন।

লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ওই হামলায় অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরাইল দাবি করেছে, এ হামলায় ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিদেশি শাখা কুদস ফোর্সের পাঁচজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনীর মতে, ‘কুদস ফোর্সের লেবানন কর্পসের কমান্ডাররা ইসরাইলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এগিয়ে নিচ্ছিল। (তথ্যসূত্র : আল জাজিরা)

মন্তব্য করুন