প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ
বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে বাজারে যে সংকটের কথা শোনা গেছে, তা মূলত কিছু ভোক্তার আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার কারণে তৈরি হয়েছে।
সোমবার (৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে ভোজ্যতেল আমদানিকারক ও শোধনাগার মালিকরা অংশ নেন।
মন্ত্রী জানান, গত কয়েকদিনে বিভিন্ন গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সংকট বা লিটারে দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশিত হওয়ায় পরিস্থিতি যাচাই করতে এই বৈঠক করা হয়। বৈঠকে ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহেও কোনো ঘাটতি নেই।
তিনি বলেন, কিছু জায়গায় ভোক্তারা আতঙ্কিত হয়ে প্রয়োজনের তুলনায় বেশি তেল কেনার কারণে সাময়িকভাবে কিছু দোকানে মজুত শেষ হয়ে যেতে পারে। তবে এতে বাজারে প্রকৃত সংকট তৈরি হয়নি।
ভোক্তাদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, আতঙ্কিত হয়ে বেশি কেনাকাটা করার কোনো প্রয়োজন নেই। বাজারে পর্যাপ্ত পণ্য থাকায় অযথা প্রতিযোগিতা করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে। তাই সবাইকে স্বাভাবিকভাবে বাজার করার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মতো ভোজ্যতেলের ক্ষেত্রেও কোনো সংকট নেই। জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল—কোনোটিতেই ঘাটতি নেই। তাই এসব পণ্যের সঙ্গে ‘সংকট’ শব্দটি যুক্ত করে অযথা বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। বাজারে কোনো ধরনের অনিয়ম হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে এবং জেলা প্রশাসনও অভিযান চালাবে।
বাণিজ্যমন্ত্রী আবারও আশ্বস্ত করে বলেন, ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না এবং ভোক্তারা নিশ্চিন্তে বাজার করতে পারেন।
মন্তব্য করুন