প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ
মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ওপর মেজাজ হারিয়ে খবরের শিরোনামে এলেন কিংবদন্তি অভিনেতা কমল হাসানের কন্যা শ্রুতি হাসান। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ছবি তোলার সময় এক ফটোগ্রাফার তাকে ‘মাম্মা’ বলে ডাকলে তৎক্ষণাৎ কড়া প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী।
ঘটনাটি ঘটে যখন শ্রুতি রেস্তোরাঁ থেকে বের হচ্ছিলেন এবং পাপারাজ্জিরা তার ছবি তুলতে এগিয়ে যান। উপস্থিত এক ফটোগ্রাফার তাকে ‘মাম্মা’ বলে সম্বোধন করতেই বিরক্ত হয়ে শ্রুতি প্রশ্ন করেন, ‘কে মাম্মা? আমি আপনার মা নাকি? কী আজেবাজে বলছেন?’ যদিও দক্ষিণ ভারতে অনেক ক্ষেত্রে ‘মাম্মা’ শব্দটি নারীদের প্রতি স্নেহ বা সম্মানসূচক সম্বোধন হিসেবে ব্যবহৃত হয়, তবে শ্রুতি বিষয়টি ইতিবাচকভাবে নেননি। অবশ্য সাময়িক বিরক্তির পর দ্রুত নিজেকে সামলে নিয়ে হাসিমুখে হাত নেড়ে সেখান থেকে বিদায় নেন তিনি।
বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে বেশ কয়েকটি বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘কল মি বে’–এর দ্বিতীয় সিজনে অনন্যা পান্ডের বোনের চরিত্রে দেখা যাবে। এছাড়া এই সিরিজে আরও অভিনয় করছেন বীর দাস, গুরফতেহ পীরজাদা ও মিনি মাথুর।
সিনেমার পর্দাতেও শ্রুতির ব্যস্ততা তুঙ্গে। দক্ষিণী তারকা দুলকার সালমানের সঙ্গে ‘আকাসামলো ওকা তারা’ এবং প্রভাসের সঙ্গে বহুল প্রতীক্ষিত ‘সালার: পার্ট ২’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি বিজয় সেতুপতির বিপরীতে ‘ট্রেন’ নামের একটি তামিল সিনেমাতেও অভিনয় করছেন এই তারকা। শ্রুতির এই স্পষ্টবাদী আচরণ সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করলেও ভক্তরা তার সাহসিকতার প্রশংসা করছেন।
মন্তব্য করুন