তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

রানার আগুনে বোলিংয়ে দাপুটে জয়ে সিরিজে ফিরল টাইগাররা

সিরিজে টিকে থাকার লড়াইয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নাহিদ রানার বিধ্বংসী বোলিং এবং তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা।

প্রথম ওয়ানডেতে হারের পর চাপে থাকা বাংলাদেশ সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড, তবে শুরু থেকেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে ধুঁকতে থাকে সফরকারীরা।

নাহিদ রানার গতি ও নিয়ন্ত্রণে ভুগে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলি।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ১০ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। শরিফুল ইসলাম একই খরচে নেন ২ উইকেট। তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ২১ রানে ২ উইকেট হারিয়ে বসে দল। সাইফ হাসান ও সৌম্য সরকার দ্রুত ফিরে যান।

এরপর ইনিংস মেরামতের দায়িত্ব নেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা গড়েন ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি। তামিম ৫৮ বলে ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন, যেখানে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা।

তামিম আউট হওয়ার পর লিটন দাস দ্রুত বিদায় নিলেও শান্ত ধৈর্য ধরে খেলতে থাকেন। তিনি ৭১ বলে ৫০ রান করার পর আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন।

শেষ দিকে তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বাকি কাজটা সহজেই শেষ করেন। হৃদয় ৩০ রানে অপরাজিত থাকেন, আর মিরাজ করেন ৮ রান। ৮৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরেছে, ফলে শেষ ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণীতে।

মন্তব্য করুন