প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেলকে ঘিরে গুরুতর অভিযোগ সামনে এনেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য আটলান্টিক। প্রতিবেদনে তার ব্যক্তিগত আচরণ ও দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, দায়িত্ব গ্রহণের সময়ও ক্যাশ প্যাটেলকে পাওয়া যাচ্ছিল না এবং তার কার্যক্রমে অনিয়ম ছিল বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে তার বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপানের অভিযোগও আনা হয়েছে।
আটলান্টিকের প্রতিবেদনে আরও বলা হয়, শিগগিরই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে সরকারি মহলের ভেতরে আলোচনা চলছে। বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওয়াশিংটন ডিসি এবং লাস ভেগাসের বিভিন্ন ক্লাবে সময় কাটানোর পাশাপাশি ছুটির দিনগুলোতেও তিনি সেখানে বেশি সময় ব্যয় করতেন বলে অভিযোগ রয়েছে।
ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তা আটলান্টিককে জানান, প্যাটেলের আচরণ ও ব্যক্তিগত অভ্যাসের কারণে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে। তাদের মতে, বিষয়টি এখন নিরাপত্তা ও প্রশাসনিক দিক থেকেও উদ্বেগ তৈরি করছে।
একজন কর্মকর্তা বলেন, পরিস্থিতি নিয়ে তারা শুধু অপেক্ষায় আছেন যে সিদ্ধান্ত হিসেবে ক্যাশ প্যাটেলকে সরিয়ে দেওয়া হয়েছে কি না।
তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন ক্যাশ প্যাটেল। তিনি আটলান্টিকের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেন এবং বলেন, “সব মিথ্যা, আটলান্টিককে আমি আদালতে দেখে নেবো- আপনারা চেকবুক সাথে নিয়ে আসবেন।”
মন্তব্য করুন