প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করা হয়।
সংসদীয় বিধান অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোট মোট ৭৭টি আসনে জয়লাভ করায় তারা ১৩টি সংরক্ষিত নারী আসন লাভ করেছে। চূড়ান্ত তালিকায় জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনীত প্রার্থীরা হলেন— জামায়াতে ইসলামী থেকে নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার। শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু; জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম মনোনয়ন পেয়েছেন। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে জুলাই অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকেও জোটের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, সংসদের মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অনুযায়ী বিএনপি ৩৬টি আসন পেয়েছে। জোটের পক্ষ থেকে এই তালিকা প্রকাশের পর এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও শপথ গ্রহণের অপেক্ষা করছেন মনোনীত প্রার্থীরা। শহীদ পরিবারের সদস্যকে মনোনয়ন দেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে।
মন্তব্য করুন