প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানও রয়েছেন।
রোববার (৮ মার্চ) সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অবসরে পাঠানো অন্য চার অতিরিক্ত আইজিপি হলেন: আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান এবং মো. তওফিক মাহবুব চৌধুরী। এর মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।
অন্যদিকে মো. মাসুদুর রহমান মিয়া পুলিশ অধিদপ্তর ঢাকায় (টিআর পদে) দায়িত্ব পালন করছিলেন এবং তওফিক মাহবুব চৌধুরী রাজশাহীর সারদায় কর্মরত ছিলেন। আর কুসুম দেওয়ান ২০২৪ সালের অক্টোবর থেকে নৌ-পুলিশে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধাও তারা পাবেন বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন