রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৭:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

নাহিদের ফাইফার, তামিমের ফিফটিতে টাইগারদের সহজ জয়

কয়েক মাসের বিরতির পর ওয়ানডে ক্রিকেটে ফিরে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট করার পর ব্যাট হাতেও দাপট দেখিয়েছে টাইগাররা। তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৪ রান করে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তরুণ পেসার নাহিদ। ২৪ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফাইফার পূরণ করেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

 

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। মাত্র ৪ রান করে ফিরে যান এই ওপেনার। তবে অন্য প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তানজিদ হাসান তামিম।

তার ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত এগিয়ে যায় দল। মাত্র ৩২ বলে ফিফটি তুলে নেন তামিম। শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

 

এর আগে নতুন বলে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান মিতব্যয়ী বোলিং করলেও উইকেট পাননি। পরে আক্রমণে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাহিদ।

পাওয়ারপ্লের শেষ দিকে বল হাতে নিয়েই প্রথম সাফল্য এনে দেন তিনি। এরপর নিজের পরের স্পেলেই একে একে সাজঘরে ফেরান শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে। এতে পাকিস্তানের টপ অর্ডার ভেঙে পড়ে।

Nahid Rana walks back with his best figures in ODIs, Bangladesh vs Pakistan, 1st ODI, Mirpur, March 11, 2026

পরে বোলিংয়ে এসে দুটি উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তাসকিন আহমেদও একটি উইকেট শিকার করেন।

এক পর্যায়ে ৮২ রানে নবম উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে পাকিস্তান। শেষদিকে ফাহিম আশরাফ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। আবরার আহমেদের সঙ্গে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়ে দলকে একশ পেরোতে সহায়তা করেন তিনি।

তবে শেষ পর্যন্ত ১১৪ রানেই থামে পাকিস্তানের ইনিংস, আর সহজ লক্ষ্য তাড়া করে বড় জয় তুলে নেয় বাংলাদেশ।

মন্তব্য করুন