প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ
ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের ‘ক্ষমা বিভাগ’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর দুর্নীতি মামলায় করা ক্ষমা আবেদনের পক্ষে কোনো সুপারিশ করেনি বলে জানিয়েছে দেশটির হিব্রু গণমাধ্যম।
বুধবার (১১ মার্চ) বিচার মন্ত্রণালয় জানায়, নেতানিয়াহুর ক্ষমা আবেদনের বিষয়ে বিভাগের আইনি অবস্থানসংবলিত একটি প্রতিবেদন প্রস্তুত করে হেরিটেজ মন্ত্রী আমিচাই এলিয়াহুর কাছে পাঠানো হয়েছে। এই প্রশাসনিক প্রক্রিয়ার তদারকির দায়িত্ব দিয়েছিলেন বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন।
প্রতিবেদনটি পরবর্তী সময়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ-এর কাছে পাঠানো হবে। শেষ পর্যন্ত ক্ষমা দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট নিজেই।
দ্য টাইমস অব ইসরায়েল–এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ক্ষমা আবেদন বর্তমান আইনি মানদণ্ড পূরণ করেনি। কারণ, তার বিরুদ্ধে চলমান বিচার এখনো শেষ হয়নি এবং তিনি দোষী সাব্যস্তও হননি। পাশাপাশি আবেদনে কোনো অপরাধ স্বীকার বা অনুতাপ প্রকাশ করা হয়নি।
এর আগে ইসরায়েলের সর্বোচ্চ আদালত রায়ে বলেছিল, বিশেষ পরিস্থিতিতে দোষী সাব্যস্ত হওয়ার আগেও ক্ষমা দেওয়া যেতে পারে। তবে সে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে অভিযোগ স্বীকার করতে হবে, যা নেতানিয়াহুর আবেদনে অনুপস্থিত।
মন্ত্রী আমিচাই এলিয়াহু প্রতিবেদন পাওয়ার পর জানান, বিষয়টি প্রেসিডেন্টের আরও গভীর বিবেচনার প্রয়োজন।
এদিকে আন্তর্জাতিক পরিসরে বিষয়টি ঘিরে কূটনৈতিক আলোচনাও চলছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট হার্জোগের ওপর চাপ সৃষ্টি করছেন। তবে প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, কোনো বাহ্যিক প্রভাব ছাড়াই তিনি নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের একাধিক অভিযোগে ২০২০ সাল থেকে বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার চলছে, যা এখনো চলমান।
মন্তব্য করুন