অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১০:২৩ এ এম

অনলাইন সংস্করণ

কাল রাতে এখন পর্যন্ত ‘সবচেয়ে ভয়াবহ’ বিমান হামলা হল ইরানে, নিহত ৪০

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে সোমবার (৯ মার্চ) দিবাগত রাতটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ রাত হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল। তিনি তেহরান থেকে জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় সেখানে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে, যার সংখ্যা গণনা করাও কঠিন হয়ে পড়েছে।

মোহাম্মদ ভাল জানান, বিশাল সব বিস্ফোরণের শব্দে তেহরানে অবস্থিত আল জাজিরার কার্যালয়ের জানালাও কেঁপে উঠেছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং আকাশে প্রতিরক্ষা গোলার আলোর ঝলকানি দেখা যায়। বিশেষ করে পূর্ব তেহরানের আকাশে এসব আলোর ঝলকানি বেশি দেখা গেছে।

তিনি আরও জানান, তেহরানের উত্তরে কারাজ এলাকায়ও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন ইরানি নাগরিক নিহত হয়েছেন।

রাজধানীর বাইরে ইসফাহান শহরেও তীব্র বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। সেখানে গভর্নরের কার্যালয় এবং একটি প্রাচীন রাজপ্রাসাদ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রাচীন ওই স্থাপনাটি আন্তর্জাতিক শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার স্বীকৃত ঐতিহাসিক স্থাপনা বলে জানা গেছে।

এ ছাড়া তাবরিজ অঞ্চল থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিছু সূত্রের দাবি, ইসফাহানের বিস্ফোরণগুলোর কয়েকটি সেখানকার পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় ঘটেছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ ইসফাহানের ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষণ করা হয়েছে। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করার মতো কোনো নিশ্চিত সূত্র এখনো পাওয়া যায়নি।

অন্যদিকে ইরানের সেনাবাহিনী এবং বিপ্লবী রক্ষী বাহিনী পাল্টা প্রতিরোধের ঘোষণা অব্যাহত রেখেছে। তারা জানিয়েছে, তাদের ঘোষিত অভিযানের ৩৩তম ধাপ শুরু হয়েছে।

এক বিবৃতিতে বাহিনীটি জানায়, এখন থেকে তারা এক হাজার কেজির কম ওজনের কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না। বিপ্লবী রক্ষী বাহিনীর দাবি, তাদের কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়েছে এবং পুরো অঞ্চলজুড়ে আরও ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।

মন্তব্য করুন