প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ
দক্ষিণ কোরিয়ার বক্স অফিসে টানা শীর্ষস্থান ধরে রেখেছে হরর ঘরানার সিনেমা ‘সালমোকজি: হুইস্পারিং ওয়াটার’। প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় অব্যাহত থাকায় সিনেমাটি ইতিমধ্যে প্রায় ২০ লাখ দর্শক টেনেছে।
কোরিয়ান ফিল্ম কাউন্সিলের তথ্য বলছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে ছবিটি আরও ৩ লাখ ৪৩ হাজার ৪৬৩ দর্শক আকৃষ্ট করেছে। এ নিয়ে গত ৮ এপ্রিল মুক্তির পর থেকে এর মোট দর্শকসংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮০ হাজারে।
ছবির গল্পে দেখা যায়, কিম হে ইউনের চরিত্র সু-ইনের নেতৃত্বে একটি শুটিং দল নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে এক নির্জন লোকেশনে পাড়ি জমায়। কিন্তু সময় ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে সেখানে তারা আটকা পড়ে যায় এবং সেখান থেকে বের হওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। দক্ষিণ চুংচিয়ং প্রদেশের ইয়েসান কাউন্টির একটি জলাধারে শুটিং হয়েছে ছবিটির। স্থানীয় বাসিন্দাদের কাছে জায়গাটি অতিপ্রাকৃত ঘটনার জন্য বিশেষভাবে পরিচিত।
এ সপ্তাহে বক্স অফিসের দ্বিতীয় স্থানে উঠে এসেছে হলিউড সায়েন্স ফিকশন ‘প্রজেক্ট হেইল মেরি’। গত ১৮ মার্চ মুক্তি পাওয়া ছবিটি তিন দিনে টিকিট বিক্রি করেছে ১ লাখ ২৮ হাজার ৯৮২টি।
মন্তব্য করুন