প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:২২ এ এম
অনলাইন সংস্করণ
ইরানের সেনাবাহিনী মঙ্গলবার সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে রণক্ষেত্রে তার কঠিন জবাব দেওয়া হবে। একইসঙ্গে তেহরান স্পষ্ট করেছে, শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে বলে তারা মনে করছে না। ফারস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, “যুক্তরাষ্ট্র এবং ইসরাইল যদি আবারও হামলা চালায় এবং ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে, তবে তারা নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও কঠোর জবাবের মুখোমুখি হবে।”
তিনি আরও বলেন, “আমরা যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করি না। আমাদের বর্তমান পরিস্থিতি এখনো যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত। ইরানের জনগণ নিশ্চিত থাকতে পারেন যে, শত্রু যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে তারা ইরানের পক্ষ থেকে নতুন অস্ত্র এবং নতুন ধরণের জবাবের মুখোমুখি হবে।”
মুখপাত্র জানান, সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করা হয়েছে। মোহাম্মদ আকরামিনিয়া বলেন, “আমরা আমাদের লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছি। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে মুখপাত্র আরও বলেন, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে।”
এ হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ইরানের ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কের বিরুদ্ধে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুদ্ধবিরতি আলোচনা অচল অবস্থায় থাকার মধ্যেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মন্তব্য করুন