প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপি প্রতিটি বিষয়ে বিতাড়িত ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বলে কঠোর মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, ‘হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন।’
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেন। সমাবেশে তিনি জুলাই বিপ্লবে প্রাণ দেওয়া শহীদের ত্যাগের কথা স্মরণ করে বিএনপিকে এই বিপ্লবের ‘সুবিধাভোগী’ হিসেবে অভিহিত করেন। জামায়াত আমিরের মতে, জুলাই গণ-অভ্যুত্থান না হলে এবং সাধারণ মানুষ জীবন না দিলে বিএনপি আজকে ক্ষমতার তাপ উপভোগ করতে পারত না। এমনকি যারা বিদেশে ছিলেন, তাঁরাও দেশে ফেরার সুযোগ পেতেন না।
গণভোটের ফলাফল ও সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘দুটা ভোট হয়েছে। একটা ভোট তাদের পক্ষে গেছে, সেটি তারা মেনে নিয়েছে। আরেকটা ভোটে ৭০ শতাংশ জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, সেটি তারা মানেন না। এটা লজ্জার। ৭০ শতাংশ ভোটের রায় যেদিন বাস্তবায়ন হবে, সেদিন দেশ থেকে সত্যিকার অর্থে ফ্যাসিবাদ বিদায় নেবে।’ তিনি অভিযোগ করেন, যেদিন থেকে বিএনপি গণভোটের রায় অস্বীকার করেছে, সেদিন থেকেই তারা ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সহিংসতা ও নেত্রকোনায় জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি প্রশ্ন করেন, “এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ কি আপনারা চেয়েছিলেন?” তিনি স্পষ্ট জানান, ক্যাম্পাসে শিক্ষার্থীদের হাতে দা-কিরিচ নয়, বরং খাতা ও কলম দেখতে চান। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা কোন আদুভাই, দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের ওপর ছড়ি ঘুরাক, আমরা এটা দেখতে চাই না। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন মনে রাখবেন, জুলাই শুধু ২৪ সালে ছিল না, জুলাই প্রত্যেক বছরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ এবং তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে।’
সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, ৫ কোটি মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিএনপির বিরোধিতাকে খারিজ করে দিয়েছে। জাগপা চেয়ারম্যান তাসমিয়া প্রধান অভিযোগ করেন, সংসদে দাঁড়িয়ে জুলাই শহীদদের অপমান করা হচ্ছে। সমাবেশে শহীদ ফারহান ফাইয়াজ ও শহীদ জাবির ইব্রাহিমের পরিবার এবং আহত যোদ্ধারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়ের পূর্ণাঙ্গ প্রয়োগের দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। বক্তারা সমস্বরে ৭০ শতাংশ মানুষের গণরায়ের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
মন্তব্য করুন