প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০২:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডের মূল হোতাসহ গ্রেপ্তার-৫

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত কিশোর মোঃ জুনায়েদ মিয়া (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— মোঃ মারুফ মিয়া (২৪), মোঃ জুয়েল মিয়া (২৭), মোঃ মতিন মিয়া (৩১), মোঃ কাউছার মিয়া (১৯) এবং প্রধান আসামী মোঃ আলামিন (২২)।

পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রাম থেকে মারুফ, জুয়েল ও কাউছারকে গ্রেপ্তার করেন। পরে পৃথক অভিযানে কমলগঞ্জের পতনউষা এলাকা থেকে মতিন ও সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকা থেকে প্রধান আসামী আলামিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মারুফ মিয়ার স্বীকারোক্তির ভিত্তিতে নিহতের ব্যবহৃত একটি সিম কার্ডও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

উল্লেখ্য, কিশোর জুনায়েদকে গত ২৭শে মার্চ সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার বাদেআলিশা এলাকার নির্জন খালি জায়গায় আসামিগণ মাছ ধরার নেট দিয়ে গলা পেঁচিয়ে হত্যা করে। নিহত জুনায়েদ উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামের প্রবাসী রমিজ মিয়ার পুত্র।

ঠিক কোন কারণে কিশোর জুনায়েদকে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যা করেছে এমনটি জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা সজীব চৌধুরী বলেন, হত্যার কারণ এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে হয়তো সঠিক তথ্য জানা যাবে।

মন্তব্য করুন