তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:৩২ পিএম

অনলাইন সংস্করণ

কোথায় পাওয়া যাবে তেল, জানাবে ‘তেল কই’ অ্যাপ

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবের মধ্যেই দেশে জ্বালানি তেল নিয়ে তৈরি হয়েছে অস্থিরতা। বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে বাকবিতণ্ডা ও বিশৃঙ্খলা।

কয়েকটি স্থানে তেল কেনাবেচা নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, এমনকি প্রাণহানির খবরও পাওয়া গেছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তেল সরবরাহ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই। তবে ‘প্যানিক বায়িং’-এর কারণে অনেক পাম্পেই হট্টগোল ও ভিড় তৈরি হচ্ছে। ফলে প্রয়োজনের সময় তেল না পেয়ে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে ভোগান্তিতে পড়ছেন অনেক গাড়িচালক।

এই পরিস্থিতিতে সমাধানের একটি প্রযুক্তিগত উদ্যোগ নিয়েছেন তরুণ সজিব খান। তিনি তৈরি করেছেন ‘তেল কই’ নামে একটি ওয়েবভিত্তিক অ্যাপ, যার মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে এবং সেখানে লাইনের অবস্থা কেমন।

অ্যাপটির স্রষ্টা সজিব খান ঢাকায় বসবাস করেন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এবং বর্তমানে পাঠাও লিমিটেডে ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

সজিব জানান, এই অ্যাপ কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল ফোন সব ডিভাইস থেকেই ব্যবহার করা যাবে। ব্যবহারকারীদের সঠিক তথ্য দিয়ে এতে অবদান রাখার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন। রিয়েল-টাইম ট্র্যাকিং সুবিধাসম্পন্ন এই প্ল্যাটফর্মে এখন পর্যন্ত দেশের ২৮৭টি পেট্রোল স্টেশনের তথ্য যুক্ত হয়েছে।

অ্যাপটির মাধ্যমে সহজেই জানা যাবে কোন স্টেশনে তেল পাওয়া যাচ্ছে, কোথায় লাইনের দৈর্ঘ্য কেমন এবং কোনো পাম্পে তেল না থাকলেও সেটি ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন