তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬, ১০:৫৬ এ এম

অনলাইন সংস্করণ

বিদ্যুৎ সাশ্রয়ে সোমবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

ফাইল ছবি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে দেশের সব বিশ্ববিদ্যালয় সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষ্যে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে জানালা ও দরজা খোলা রেখে আলো ব্যবহার করতে হবে। একই সঙ্গে বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত বাতি, পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার কথা বলা হয়েছে।

পাশাপাশি অফিস সময় শেষে বাতি, পাখা, কম্পিউটার, মুদ্রণযন্ত্র, স্ক্যানার ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং সরকারি যানবাহনের ব্যবহার সীমিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

মন্তব্য করুন