আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং ইরানের বন্দর অবরোধের কঠোর সমালোচনা করেছে চীন। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ’ হিসেবে অভিহিত করেন।

গুয়ো জিয়াকুন বলেন, ওয়াশিংটন যেভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি প্রদর্শন করছে এবং অবরোধ আরোপ করেছে, তাতে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পাবে। তাঁর মতে, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড আগে থেকেই নাজুক অবস্থায় থাকা যুদ্ধবিরতি চুক্তিকে আরও দুর্বল করে দেবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এই একতরফা পদক্ষেপ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

উল্লেখ্য, সোমবার (১৩ এপ্রিল) থেকে হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর কঠোর সামরিক অবরোধ শুরু হয়েছে। তবে ওয়াশিংটনের এই রক্তচক্ষু উপেক্ষা করেই আজ মঙ্গলবার চীনের একটি তেলবাহী ট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’-এর তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অবরোধ শুরুর পর এই প্রথম কোনো বিদেশি জাহাজ মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে এই কৌশলগত জলপথ পার হলো। বিশ্লেষকরা মনে করছেন, চীনা ট্যাংকারের এই পদক্ষেপ বেইজিংয়ের শক্ত অবস্থানেরই বহিঃপ্রকাশ, যা ওই অঞ্চলে মার্কিন আধিপত্যের প্রতি একটি বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে, তখন চীন ও যুক্তরাষ্ট্রের এই বিপরীতমুখী অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

মন্তব্য করুন