তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:৫০ পিএম

অনলাইন সংস্করণ

দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মৃত শিশুদের মধ্যে একজনের হাম নিশ্চিত হওয়া গেছে এবং বাকি আটজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ৯ শিশুর মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে ১৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ১০৫ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩১টি শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। গত এক মাসে মোট ১৮ হাজার ২৩১ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে, যার মধ্যে ১১ হাজার ৬৫২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৯৭ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৩০৪ জন।

আজ সকালেই স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে হামের টিকা ও ভিটামিন-এ ক্যাপসুল বিতরণ কর্মসূচি শুরু হবে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে এই সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সময়ে শিশুদের প্রতি বিশেষ নজর রাখা এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন