শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৮

সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছে গাইবান্ধার উপ-নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৩  

অনিয়মের কারণে বন্ধ করে দেওয়া গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের পুনর্ভোট সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) পঞ্চম তলায় কন্ট্রোল রুমে বুধবার (৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে এ মনিটরিং শুরু হয়। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটের দিন সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনার আনিছুর রহমান কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে এ আসন গঠিত। আসনটিতে মোট ১৭টি ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ১৪৫টি। ভোটকক্ষ রয়েছে ৯৫২টি। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন।

মোট এক হাজার ২৪২টি সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। গাইবান্ধার এ আসনে মোট ৩২টি চরাঞ্চল রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের এসব ভোটকেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ভোট প্রদান প্রক্রিয়া সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্রপ্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে কমিশন সূত্র জানা গেছে।

রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, ঝিনাইদহ পৌরসভা নির্বাচন এবং এর আগে বাতিল হওয়া গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন সিসিটিভির মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে ইসি। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা-৫ আসনে পুনর্নির্বাচনের ভোটও সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মারা গেলে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে সিসি ক্যামেরায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়ম চিত্র সামনে এলে ভোট চলাকালেই নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি।
গত ৬ ডিসেম্বর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের পুনর্ভোটের জন্য ৪ জানুয়ারি নতুন তারিখ ঠিক করে নির্বাচন কমিশন।

এই বিভাগের আরো খবর