শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৫

মাদকমুক্ত জাতি গঠনে খেলাধুলা অপরিহার্য: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২  

সুস্থ, সবল ও মাদকমুক্ত জাতি গঠনে খেলাধুলা অপরিহার্য বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের ডলফিন বিচে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ও ওমেনস ইন্টারন্যাশনাল বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, কিছুদিন আগেও বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব- ২০ ভলিবল টিম কাতার, ইরাক ও চীনকে হারিয়ে এশিয়ায় পঞ্চম স্থান অধিকার করেছে। এর আগেও আমরা মালদ্বীপের সঙ্গে সিরিজ জয় করেছি। গতকাল (সোমবার) কিরগিজস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ ম্যানস ভ‌লিবল চ্যা‌লেঞ্জ কাপ-২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ভলিবল দল। সফলতা ধরে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের পর্যটন ও ভলিবলের পরিচিতি ব্যাপকাভাবে প্রসারিত হবে। অলিম্পিক বিচ ভলিবলের বাছাই পর্বের খেলাও কক্সবাজার বিচে হবে। হারিয়ে যাওয়া ভলিবল এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেকটা সুদৃঢ়। বাংলাদেশ ভলিবল দল ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছে।

উদ্বোধনী দিনে বাংলাদেশ বনাম ভুটান পুরুষ দল ও বাংলাদেশ বনাম উজবেকিস্তান নারী দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ভুটানের সঙ্গে বাংলাদেশ পুরুষ দল জয়লাভ করে ও বাংলাদেশ নারী দলকে পরাজিত করে উজবেকিস্তান জয়লাভ করে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এবং কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরো খবর