শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৮

চট্টগ্রামে একসঙ্গে ছয় সন্তানের জন্ম, দেড় ঘণ্টা পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২  

চট্টগ্রামের ফটিকছড়িতে একসঙ্গে ছয় সন্তান জন্ম দিয়েছেন তাসলিমা আকতার নামে এক নারী। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সেবা ক্লিনিক ও নার্সিং হোম নামের বেসরকারি একটি হাসপাতালে নরমাল ডেলিভারিতে এসব নবজাতকের জন্ম হয়। তবে দেড় ঘণ্টা পর ছয় নবজাতকই মারা যায়।

হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. উম্মে ফাতেমা তুজ জোহরার তত্ত্বাবধানে এসব বাচ্চা জন্ম নেয়। ছয় নবজাতকের পিতা দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুলা বাপের বাড়ির বাসিন্দা।

চিকিৎসক উম্মে ফাতেমা তুজ জোহরা জানিয়েছেন, অপরিণত হওয়ায় দেড় ঘণ্টা জীবিত থাকার পর মারা যায় ছয় নবজাতক। চারটি ছেলে ও দুটি মেয়ে ছিল। তাদের ওজন ছিল ৩৫০ থেকে ৬৫০ গ্রামের মধ্যে। প্রসূতি সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, তাসলিমা আমার তত্ত্বাবধানে ছিলেন গর্ভধারণের সাড়ে তিন মাস থেকে। প্রথমে দেখেই আমার মনে হয়েছিল তার পেটের উচ্চতা বেশি। গর্ভধারণের সাড়ে ৫ মাসের দিকে এসে জরায়ুর সমস্যা নিয়ে তাসলিমা আবার আসেন। পরীক্ষা করে একেক সন্তানের পজিশন একেক রকম পাওয়া যায়। এ কারণে জরুরি ভিত্তিতে ডেলিভারির সিদ্ধান্ত নিতে হয়েছে। রোগীও আমার উপর আস্থাশীল ছিলেন। এ কারণে নরমাল ডেলিভারি সম্ভব হয়।
 

এই বিভাগের আরো খবর