শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬  

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। আজ শনিবার সন্ধ্যায় বিএনপির বিশ্বস্ত সূত্র জানায়, তারেক রহমান আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।

 

সূত্র জানায়, এই সাক্ষাতের মাধ্যমে তারেক রহমান ইতিবাচক রাজনীতির একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান। দীর্ঘদিন ধরে চলে আসা বিভেদ ও প্রতিহিংসার রাজনীতির বিপরীতে তিনি এক অন্তর্ভুক্তিমূলক ও সমঝোতামূলক রাজনীতির পথ দেখাচ্ছেন। এই উদ্যোগ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন সুবাতাস বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।

 

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২।

 

নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

 

তারেক রহমানের এই উদ্যোগকে রাজনৈতিক মহলে ইতিবাচক ও সময়োপযোগী হিসেবে দেখা হচ্ছে। এটি নির্বাচন-পরবর্তী জাতীয় ঐক্য ও সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

এই বিভাগের আরো খবর