প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:৫০ এ এম
অনলাইন সংস্করণ
রাজধানী ঢাকাসহ সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় মশা দমনে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী বিস্তৃত এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপের মৌসুম আসার আগেই আক্রান্ত রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা এবং প্রতিরোধমূলক ও চিকিৎসা ব্যবস্থার সমন্বয় ঘটাতে স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যেই বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচির আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের সব পৌরসভা ও জেলা-উপজেলা পর্যায়ে মশক নিধন, পানি জমা রোধ এবং পরিচ্ছন্নতা সচেতনতা মূলক কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করা হবে।
মন্তব্য করুন