তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:৫২ এ এম

অনলাইন সংস্করণ

ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, মোংলা-চট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে লঘুচাপটি উত্তর পশ্চিম-পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওডিশা-অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা এবং চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

লঘুচাপ ও তীব্র মৌসুমি বায়ুর প্রভাবে আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের শঙ্কা রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।

 

মন্তব্য করুন