প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ১১:১১ এ এম
অনলাইন সংস্করণ
টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন দাম নির্ধারণ করা হয়। নতুন এই মূল্য আজ শনিবার সকাল ১০টা থেকেই সারাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে টানা তিন দফায় (৬, ৯ ও ১১ সেপ্টেম্বর) দেশে স্বর্ণের দাম কমায় বাজুস। গতকাল শুক্রবারও (১১ সেপ্টেম্বর) ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল।
এদিকে বাজুস স্পষ্ট করে জানিয়েছে, অলংকারের কেনাবেচার ক্ষেত্রে অলংকারের ডিজাইন অনুযায়ী নির্দিষ্ট মজুরি প্রযোজ্য হবে। তবে অলংকার বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পাশাপাশি পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ কর্তনের যে নিয়ম নির্ধারিত রয়েছে, তা বজায় থাকবে।
মন্তব্য করুন