ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ৫১ মিনিট আগে, ০৬:৪১ পিএম

অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ডিজিটাল ক্যারিয়ার কার্নিভাল, ফ্রিল্যান্সিংয়ে সম্ভাবনার দুয়ার তরুণদের সামনে

তথ্যপ্রযুক্তির যুগে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নিয়ে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডিজিটাল ক্যারিয়ার কার্নিভাল-২০২৬’। কর্মপ্রত্যাশী শিক্ষিত যুবক-যুবতীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে ধারণা দিতেই এ আয়োজন করা হয়।

বুধবার  সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্নিভালের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের অংশ হিসেবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

কার্নিভালে ঝালকাঠিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নেওয়া বিভিন্ন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মাধ্যমে তারা এ প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইসিটি কর্মকর্তা ফিরোজ আহমেদ জেহাদী ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. আলামিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মো. আলাউদ্দিন।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর কাজের পরিধি দ্রুত বাড়ছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করতে পারলে তরুণরা চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই আয়ের পথ তৈরি করতে পারেন।

বক্তারা আরও বলেন, ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনশক্তি তৈরি হলে একদিকে যেমন দেশের বেকারত্ব কমবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও তরুণদের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে।

কার্নিভালে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিংয়ে কাজ করার অভিজ্ঞতা, বিভিন্ন মার্কেটপ্লেসে কাজের সুযোগ এবং নিজেদের সফলতার গল্প তুলে ধরেন। পাশাপাশি ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে কীভাবে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের আধুনিক প্রযুক্তিগত দক্ষতায় দক্ষ করে তাদের স্বাবলম্বী করে তোলাই প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের জন্য ডিজিটাল কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি এবং ভবিষ্যতে ফ্রিল্যান্সিং খাতে আরও বেশি দক্ষ জনবল গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।

মন্তব্য করুন