তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:০৭ এ এম

অনলাইন সংস্করণ

পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশে নতুন বিলম্ব

গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে 'জাতীয় বেতন স্কেল-২০২৬' অনুমোদন পেলেও ১০ দিন পার হয়ে গেলেও জারি হয়নি বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপন। ১ সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আশ্বস্ত করার পরও গেজেট প্রকাশ না হওয়ায় নতুন বেতনকাঠামো বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মনে ফের অনিশ্চয়তা ও ধোঁয়াশা দেখা দিয়েছে।

অর্থ বিভাগ ও প্রশাসন সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে প্রজ্ঞাপনটি বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে। আইন সংস্কার, ভাষার সামঞ্জস্যতা এবং প্রশাসনিক নির্দেশনার সূক্ষ্ম ভেটিং শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত গেজেট প্রকাশের সুযোগ নেই।

এদিকে প্রজ্ঞাপন প্রকাশে বিলম্বের নেপথ্যে বিচার বিভাগীয় কর্মচারীদের একাংশের ভাতার দাবি নিয়ে তৈরি হওয়া জটিলতাকে মূল কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অর্থ বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জুডিশিয়ারি সার্ভিসের কর্মীরা নতুন স্কেলে শতভাগ ভাতা দাবি করলেও এতে সম্মতি দেয়নি অর্থ বিভাগ। কোনো সুনির্দিষ্ট সমাধান ছাড়াই তাড়াহুড়ো করে মন্ত্রিসভায় বেতন স্কেল অনুমোদন দেওয়ায় এখন গেজেট জারির পূর্বে এই আইনি জটিলতা নিরসন করা কঠিন হয়ে পড়েছে।

গেজেট জারি না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন নির্ধারণ, কোন ভাতা কবে থেকে কার্যকর হবে কিংবা বকেয়া অর্থের হিসাব কীভাবে ধরা হবে—এসব সংক্রান্ত নির্দেশনার জন্য অপেক্ষা করতে হচ্ছে। সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব নিয়ে ক্ষোভ ও উৎকণ্ঠা প্রকাশ করলেও বিষয়টি স্পর্শকাতর হওয়ায় অর্থ ও আইন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করছেন না।

 

মন্তব্য করুন