প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ১০:৩২ এ এম
অনলাইন সংস্করণ
তথ্যপ্রযুক্তির আধুনিক যুগে দেশের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বেসিক প্রশিক্ষণ দিতে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। দেশের ৬৪টি জেলাতেই এই দুই মাস মেয়াদি কোর্স পরিচালিত হবে।
সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই মাস মেয়াদি এই প্রশিক্ষণে অংশ নিতে প্রশিক্ষণার্থীদের কোনো প্রকার ফি দিতে হবে না। উপরন্তু, প্রশিক্ষণ চলাকালে উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং দৈনিক খাবারের সুব্যবস্থা রাখা হয়েছে।
দেশের ৬৪টি জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সি যেকোনো পুরুষ ও নারী এতে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এইচএসসি বা সমমান পাস। তবে আবেদনকারীদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে মৌলিক জ্ঞান থাকা আবশ্যক। প্রশিক্ষণার্থী নির্বাচনে কম্পিউটার বিষয়ে প্রাথমিক ধারণা ও ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে দেশের ৮টি বিভাগকে মোট ৪টি প্যাকেজে ভাগ করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই কোর্সটি শেষ হবে ৩০ নভেম্বর।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের (বিজ্ঞপ্তি অনুযায়ী ১টা ৫৯ মিনিট) মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের পর লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর ও মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। পরীক্ষা কেন্দ্র ও সময়সীমা খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেবে অধিদপ্তর।
মন্তব্য করুন