প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ
চক্রান্তকারীরা বাংলাদেশে বারবার ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার অপচেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে চক্রান্তকারীদের চক্রান্ত ব্যর্থ করে দিয়ে এ দেশের ধর্মীয় সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের নতুন গঠিত কমিটির সদস্যদের নিয়ে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, "আমাদের এই সম্প্রীতির বন্ধন আজ নতুন নয়, এটি যুগ যুগ ধরে টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে। একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় সব ধর্ম ও মতের মানুষের অধিকার নিশ্চিত করেছে। এই রাজনৈতিক সংস্কৃতি ও অধিকারের ভিত্তি তৈরি করে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।"
সংখ্যালঘু ও ধর্মীয় ট্রাস্টগুলোর ভূমিকা তুলে ধরে তিনি আরও জানান, দেশে সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার রক্ষা ও কল্যাণের উদ্দেশ্যে এসব কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। বিএনপি সরকার ও এর শীর্ষ নেতৃত্ব সবসময়ই ধর্মীয় সহাবস্থান ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় কাজ করে গেছে।
শ্রদ্ধা নিবেদনকালে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ-সংগঠনের জ্যেষ্ঠ কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন