তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৮ সেপ্টেম্বার, ২০২৬, ১২:২৪ পিএম

অনলাইন সংস্করণ

নতুন পে স্কেলে বাড়িভাড়া ভাতার হারে বড় পরিবর্তন; সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ প্রকাশ

অনুমোদন পাওয়া ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর আওতায় সরকারি কর্মচারীদের বাড়িভাড়া ভাতার নতুন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। জাতীয় বেতন কমিশন ২০২৫-এর মূল প্রস্তাব পর্যালোচনা করে সচিব কমিটি কিছুটা সংশোধন এনেছে এবং গ্রেড ও অঞ্চলভেদে বাড়িভাড়া ভাতার চারটি নতুন ধাপ নির্ধারণের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে।

সচিব কমিটির সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলে মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ার ফলে আগের হারের ভিত্তিতে ভাতা দিলে সরকারি আবাসনের ওপর বড় ধরনের চাপ তৈরি হতো। এটি বিবেচনায় নিয়ে সচিব কমিটি এলাকা ও পদের গ্রেডভিত্তিক নতুন হারের সুপারিশ করেছে।

সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন ১৬তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকায় এই হার হবে ৫০ শতাংশ এবং দেশের অন্যান্য জায়গায় ৪৫ শতাংশ। ১০ম থেকে ১৫তম গ্রেডের কর্মচারীদের জন্য এ হার ঢাকায় ৫০ শতাংশ, অন্যান্য বড় শহরে ৪০ শতাংশ ও অন্যান্য এলাকায় ৩৫ শতাংশ নির্ধারিত হয়েছে।

অন্যদিকে, ৫ম থেকে ৯ম গ্রেডের কর্মচারীরা ঢাকায় ৪৫ শতাংশ, বড় শহরগুলোতে ৩৫ শতাংশ ও দেশের অন্যত্র ৩০ শতাংশ বাড়িভাড়া পাবেন। ১ম থেকে ৪র্থ গ্রেড ও তদূর্ধ্ব স্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঢাকা সিটিতে ৪০ শতাংশ, অন্য সিটি করপোরেশন ও সাভারে ৩০ শতাংশ এবং দেশের বাকি অঞ্চলে ২৫ শতাংশ হারে ভাতা পাবেন।

উল্লেখ্য, অনুমোদিত পে স্কেলে সর্বনিম্ন (২০তম) গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ (১ম) গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে ১ লাখ ৫৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে তিন ধাপে মূল বেতনের বর্ধিত সুবিধা কার্যকর শুরু হলেও, নতুন হারের বাড়িভাড়াসহ আনুষঙ্গিক সুবিধাসমূহ ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে।

 

মন্তব্য করুন