তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৩১ পিএম

অনলাইন সংস্করণ

মব অপসংস্কৃতি নিয়ন্ত্রণে সরকার কঠোর: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশে মবের অপসংস্কৃতি রোধে সরকার অত্যন্ত সজাগ রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এই প্রবণতা অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত ও পুনর্গঠন করা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় এখন ডিজিটাল পদ্ধতি এবং ড্রোন প্রযুক্তির ওপর জোর দেওয়া হচ্ছে, যা চোরাচালান ও অনুপ্রবেশ রোধে কার্যকর ভূমিকা রাখবে।" এছাড়া তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও কঠোর ও শক্তিশালী করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির সিলেট সেক্টর কার্যালয়ে ‘সীমান্ত স্কুল অব ওয়েলফেয়ার অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং একটি বিশেষ স্থিরচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন।

সফরসূচি অনুযায়ী, বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় উন্নয়ন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেবেন তিনি। পরবর্তীতে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন