তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১১ মিনিট আগে, ০৫:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

সংসদীয় গণতন্ত্র ও বহুদলীয় শাসন বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি সংসদীয় শাসনব্যবস্থার মূল ভিত্তি তৈরি হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাত ধরে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ সংগ্রাম ও অগণিত ত্যাগের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাঁর সরকার এখন প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং মানসম্মত জনসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও সংসদীয় নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আইপিইউ সচিব আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পদক্ষেপটি সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর এবং তাঁর সরকারের সুদৃঢ় অঙ্গীকারের স্পষ্ট প্রমাণ বহন করে। পাশাপাশি বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রশংসা করে তিনি শিক্ষা খাতের পরিকল্পনা ও জনকল্যাণমুখী কর্মসূচির সাধুবাদ জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, গণতান্ত্রিক আন্দোলন চালাতে গিয়ে বিএনপির অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতাকর্মীর নামে রাজনৈতিক মামলা দেওয়া হয়েছিল। দীর্ঘ লড়াই শেষে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পথ সুগম হয়েছে। মানুষের আকাশচুম্বী প্রত্যাশাকে ধারণ করে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, অনার্স পর্যায় পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা প্রদান, উপবৃত্তি বৃদ্ধি এবং 'ফ্যামিলি কার্ড' প্রকল্পের মাধ্যমে নারীর আর্থিক স্বাবলম্বিতা আনাই তাঁদের অন্যতম অগ্রাধিকার।

আইপিইউ সেক্রেটারি জানান, তানজানিয়ায় অনুষ্ঠেয় ১৫৩তম আইপিইউ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণ আন্তর্জাতিক সংস্থাসমূহে বাংলাদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। তরুণ ও নারী সংসদ সদস্যদের দক্ষ করে তুলতে আইপিইউ প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত বলেও নিশ্চিত করেন তিনি।

উচ্চপর্যায়ের এই সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন