প্রকাশিত: ২৬ মিনিট আগে, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক মেলবন্ধন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সাধারণ মানুষের কল্যাণকেই সর্বাগ্রে স্থান দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। বৈঠককালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, "বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যা ঘটে, তা নিয়ে আমার মন্তব্য করা উচিত নয়। জনগণ যাদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত করবে, সেই সরকারই বুঝবে দেশের মানুষের জন্য কোনটা সবচেয়ে ভালো।"
দুই দেশের ঐতিহাসিক এবং প্রতিবেশীসুলভ ভৌগোলিক অবস্থানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, "আমরা একে অপরের সঙ্গে শুধু সীমান্তই নয়, স্বপ্নও শেয়ার করি। প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্বও অনেক বেশি। সম্পর্কের ক্ষেত্রে আমরা সবাই সমান, এখানে কেউ বড় কিংবা ছোট নয়।"
বাংলাদেশ ও ভারত—উভয় দেশের সামনের নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার আরও বলেন, "চ্যালেঞ্জ সবসময়ই থাকবে। ভারতের ক্ষেত্রে কী চ্যালেঞ্জ রয়েছে তা যেমন বাংলাদেশকে অনুধাবন করতে হবে, ঠিক তেমনি বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জগুলোকেও ভারতের গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সব চ্যালেঞ্জ মাথায় রেখেই দুই বন্ধুপ্রতীম দেশকে এগিয়ে যেতে হবে।"
মন্তব্য করুন