প্রকাশিত: ২৬ মিনিট আগে, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
সম্ভাব্য ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ বাংলাদেশ যুক্ত হবে কি না—এমন সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করবে জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণের ওপর বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পায়নি বাংলাদেশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শামা ওবায়েদ স্পষ্ট করে বলেন, "বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে যেকোনো বহুপাক্ষিক উদ্যোগে যুক্ত হওয়ার আগে সেটি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হবে। এই জাতীয় সিদ্ধান্তে বাংলাদেশের মানুষের সরাসরি কী সুবিধা হবে, সেটিই সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। প্রস্তাব এলে পর্যালোচনার পরই সময় নিয়ে নিজস্ব অবস্থান জানাবে বাংলাদেশ।"
আইপিইউ মহাসচিবের সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দীর্ঘদিন পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র সচল হওয়া এবং বর্তমান সংসদে বিপুল সংখ্যক তরুণ সংসদ সদস্যের উপস্থিতি দেখে আইপিইউ মহাসচিব ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। সফরকালে তিনি সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য, নারী প্রতিনিধি এবং জুলাই জাদুঘর পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, আগামী মাসে তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেবে। সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে জেন্ডার সমতা, মানবাধিকার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আইপিইউ-এর সঙ্গে সরকারের কার্যকর সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।
মন্তব্য করুন