প্রকাশিত: ২২ মিনিট আগে, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য ত্যাগের পর বাংলাদেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশ নতুন গণতান্ত্রিক যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়েছিল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আইপিইউ প্রধান আন্দা ফিলিপ। বিশেষ করে প্রধানমন্ত্রী হিসেবে নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, এই পদক্ষেপ সংসদীয় গণতন্ত্র চর্চার প্রতি সরকারের সুদৃঢ় অঙ্গীকারের এক শক্তিশালী বার্তা বহন করে। এ ছাড়া তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার পড়েছেন জানিয়ে সেখানে শিক্ষা খাতের সুনির্দিষ্ট পরিকল্পনা ও সামাজিক সুরক্ষা উদ্যোগের বিশেষ প্রশংসা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মরণ করিয়ে দেন, বাংলাদেশে বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র চর্চার নতুন ভিত্তি তৈরি হয়েছিল বিএনপির হাত ধরেই। তিনি বলেন, "সামনে কিছু চ্যালেঞ্জ থাকলেও আমাদের সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং মানসম্মত মৌলিক সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।"
নারীর ক্ষমতায়ন সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, নারীদের অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদান, উপবৃত্তি বৃদ্ধি এবং ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের মাধ্যমে পরিবারে নারীদের আর্থিক স্বাবলম্বিতা তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আইপিইউ সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ জানান, আগামীতে তানজানিয়ায় অনুষ্ঠেয় ১৫৩তম আইপিইউ সম্মেলনে বাংলাদেশের স্পিকারের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। বৈঠকে নতুন ও তরুণ সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং আইপিইউর সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও সম্মত হয় দুই পক্ষ।
উচ্চপর্যায়ের এই সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন