প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ
নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা নাড়া দিয়েছে বিশ্বজুড়ে অসংখ্য ভক্তকে। এবার বিপর্যস্ত নেপালিদের জরুরি সহায়তা ও পুনর্বাসনে এগিয়ে এলেন কে-পপ জগতের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘স্ট্রে কিডস’-এর সদস্য লি নো। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে তিনি ১০ কোটি উন (দক্ষিণ কোরীয় মুদ্রা) অনুদান দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি টাকারও বেশি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক মানবিক সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’-এর মাধ্যমে এই অর্থ প্রদান করেছেন লি নো। বন্যাকবলিত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ, খাদ্যের ব্যবস্থা এবং জীবিকা পুনরুদ্ধারে যেন এই অর্থ ব্যয় করা হয়, সে অনুরোধ জানান তিনি।
নিজ এজেন্সি ‘জেওয়াইপি এন্টারটেইনমেন্ট’-এর মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লি নো বলেন, "আমি আশা করি আমার এই সামান্য সহায়তা এই কঠিন সময় অতিক্রম করা মানুষদের কিছুটা শক্তি জোগাবে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং মাঠে দিনরাত ত্রাণকার্যে নিয়োজিত সকলে খুব দ্রুত যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, সেই প্রার্থনা করি।"
ওয়ার্ল্ড ভিশন সূত্রে জানানো হয়েছে, লি নোর পাঠানো অনুদানের অর্থ দিয়ে নেপালে গৃহহীন ও বাস্তুচ্যুত হওয়া পরিবারগুলোর জন্য খাদ্য, অস্থায়ী বাসস্থান, নিরাপদ পানীয় জল এবং প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা হবে।
সংগীতচর্চার বাইরেও কে-পপ তারকা লি নোর মানবিক কাজে অংশ নেওয়ার ইতিহাস নতুন নয়। সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের কল্যাণে তিনি ২০১৪ সাল থেকে নিয়মিত যুক্ত রয়েছেন। সংকটময় মুহূর্তে তাঁর এই সময়োপযোগী ও উদার উদ্যোগ বিশ্বজুড়ে তাঁর অনুরাগী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
মন্তব্য করুন