তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১০:১৪ এ এম

অনলাইন সংস্করণ

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূলভিত্তি: তারেক রহমান

ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পাঠ্যবিষয়ের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি জানান, সরকার ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাখাতকে আধুনিক ও সময়োপযোগী করে তুলতে কাজ করছে। এর অংশ হিসেবে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমে ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এতে মাদকাসক্তি ও মোবাইল ফোনের আসক্তির মতো সামাজিক সমস্যা মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে টুর্নামেন্টের নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর আওতায় দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ ৪৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এ বছর সারা দেশে বালক ও বালিকা দল মিলিয়ে ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে, যা এই আয়োজনকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বাণীতে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিশুরাই ভবিষ্যতে দেশের উজ্জ্বল মুখ হয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। তিনি টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।

মন্তব্য করুন