তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ১০:১৫ এ এম

অনলাইন সংস্করণ

ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল পাঠানো হচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই এটি বাংলাদেশে পৌঁছানোর আশা করা হচ্ছে।

বিপিসি সূত্রে জানা গেছে, দেশে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সারাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে তেল আনার ফলে পরিবহন খরচ কমবে এবং সময়ও কম লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে এই পাইপলাইন ব্যবহার করে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোববার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ অনুরোধ জানান।

এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে মোট ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির একটি চুক্তি বিদ্যমান রয়েছে। তবে ঢাকা ও দিল্লির সম্পর্কের টানাপোড়েনের কারণে এই সরবরাহ কিছু সময় বন্ধ ছিল।

এই চুক্তির আওতায় মোট প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা ব্যয় হওয়ার কথা রয়েছে। এর একটি অংশ বহন করবে বিপিসি এবং বাকি অর্থ ব্যাংকঋণের মাধ্যমে জোগান দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

মন্তব্য করুন