তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ০৭:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

পরমাণু যুগে বাংলাদেশ, আগামীকাল রূপপুরে ইউরেনিয়াম লোডিং

এক দশকের অপেক্ষা, হাজারো প্রতিবন্ধকতা আর বৈশ্বিক সংকট পেরিয়ে অবশেষে ঐতিহাসিক এক মাইলফলকে পৌঁছাচ্ছে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ইউরেনিয়াম জ্বালানি লোডিং। এর মধ্য দিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করতে যাচ্ছে দেশ।

গত ১৬ এপ্রিল পারমাণবিক চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স পাওয়ার পর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই কার্যক্রমে অংশ নিতে ৫৯ জন বাংলাদেশি বিশেষজ্ঞও অপারেটিং লাইসেন্স পেয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সময়স্বল্পতার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে ৪৫ দিন সময় লাগবে। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সেই সঙ্গে চলতি বছরের শেষনাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে ১২০০ মেগাওয়াট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে।

পদ্মার তীরে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর সংবলিত এই কেন্দ্রের দুটি ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশেরও বেশি মেটাবে।

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা সামলে এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড পূরণ করে কয়েকবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে আগামীকালের ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশ।

মন্তব্য করুন