তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:৩১ পিএম

অনলাইন সংস্করণ

ছাত্রীর আত্মহত্যা: একাডেমিক কার্যক্রম থেকে ঢাবি শিক্ষক সুদীপকে অব্যাহতি

সুদীপ ও মিমো। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মেহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় গ্রেফতার হওয়া সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগের সব একাডেমিক দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৭ এপ্রিল) বিভাগীয় চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগের ২০২৪ সালের এমএ ২য় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী মুনিরা মেহজাবিন অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের সবাইকে শোকে স্তব্ধ করে দিয়ে চলে গেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ড. সুদীপ চক্রবর্তীকে ক্লাস, পরীক্ষা কমিটিসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত রোববার ভোরে উত্তর বাড্ডার একটি বাসা থেকে মিমোর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা যায়, ফজরের আজানের পর দরজা বন্ধ পেয়ে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন স্বজনরা। নিহতের বাবা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করলে ওই দিনই বিকেলে রাজধানীর উদয় ম্যানসন এলাকা থেকে ড. সুদীপকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা ছিল, 'সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। ... (সহপাঠী) আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেয়া...।' নোটে সুদীপ চক্রবর্তী ও এক সহপাঠীর নাম থাকায় উভয়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 

মন্তব্য করুন