প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের অস্বাভাবিক তারতম্যের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা — দেশের চারটি প্রধান সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করা হয়।
শুধু সমুদ্র নয়, স্থলভাগেও ঝড়ের ঝুঁকি রয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝুঁকির মাত্রা অনুযায়ী দুটি ভাগে সতর্কতা দেওয়া হয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, যেখানে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার আশঙ্কা রয়েছে। এই তিন অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, সেখানে ১ নম্বর সতর্কসংকেত দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৈশাখ মাসের কালবৈশাখী ঝড় অল্প সময়ের মধ্যেই তীব্র রূপ নিতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দুপুরের আগেই প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন