তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:২৬ পিএম

অনলাইন সংস্করণ

নির্বাচিত সভাপতি হিসেবেও তামিমকে চান সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনার মধ্যেই তামিম ইকবালকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব আল হাসান। অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব নেওয়া তামিমকে ভবিষ্যতে নির্বাচিত সভাপতি হিসেবেই দেখতে চান এই অলরাউন্ডার।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাকিব আল হাসান বলেন, তামিম এখনো নির্বাচিত সভাপতি নন, বরং নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছেন। তবে আগামীতেও তার নেতৃত্ব অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে এখনও নির্বাচিত সভাপতি হয়নি। মূলত নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছে। আশা করি নির্বাচিত কমিটিতেও সে সভাপতি হবে। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ওর দ্বারা উপকৃত হবে।’

বর্তমানে তামিম ইকবাল তিন মাসের জন্য বিসিবির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং সামনে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নেওয়ার কথাও রয়েছে। নির্বাচিত হলে চার বছরের জন্য দায়িত্বে থাকার সুযোগ তৈরি হবে তার সামনে।

এদিকে বোর্ডে একাধিক পরিবর্তনের মধ্যেও সাকিবের জাতীয় দলে ফেরা এখনো অনিশ্চিত। বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। নতুন বোর্ডের অধীনে সেই সম্ভাবনা তৈরি হবে কি না, এ নিয়েও রয়েছে আলোচনা।

তবে নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সাকিব। দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘দেখা যাক। আশা করি সব আস্তে আস্তে ভালো হবে। আমি আশাবাদী, আমার চাওয়া পূরণ হবে।’

মন্তব্য করুন