তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:১৯ পিএম

অনলাইন সংস্করণ

জাপানি প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাপানের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর আহ্বান, বিনিয়োগে গুরুত্ব

তরুণ কণ্ঠ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী সুজুকি নরিকাজু-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কৃষি, প্রযুক্তি ও অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জাপানে বাংলাদেশি দক্ষ জনশক্তি রফতানির বিষয়টি গুরুত্ব পায়।

সাক্ষাৎকালে জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানানো হয় এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে উল্লেখ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিকে সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। এ লক্ষ্য সামনে রেখে কৃষি, ইলেকট্রনিকস ও অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ বাড়াতে তিনি আহ্বান জানান।

এছাড়া স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল জাপানে পাঠানোর প্রস্তাব দেন তিনি, যা জাপানি প্রতিনিধিদল ইতিবাচকভাবে গ্রহণ করে। একইসঙ্গে বাংলাদেশে জাপানি খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি এবং প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহও প্রকাশ করে জাপান।

জাপানের সহায়তায় চলমান মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, ঢাকা মেট্রোরেল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনালের কাজ দ্রুত শেষ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী এসব প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপান ১৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেয়। তবে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবাসনের ওপর জোর দেন।

বৈঠকে প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি সুবিধাজনক সময়ে সফরের আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন