ওয়াফিক শিপলু

প্রকাশিত: ২৩ ঘন্টা আগে, ০৫:২৪ পিএম

অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট দিয়ে বিষপান ! সেই গোলাপীর বাড়িতে ঈদ উপহার নিয়ে প্রতিমন্ত্রী

রোববার প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও সামগ্রী নিয়ে গোলাপী বেগম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বামীর বাঁধার অভিমানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া মাঝপাড়া গ্রামের গৃহবধূ গোলাপী বেগমের বাড়িতে এবার পৌঁছেছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

রোববার (৮ মার্চ) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ সামগ্রী ও উপহার নিয়ে নিজেই ওই গ্রামে গিয়ে গোলাপী বেগমের খোঁজ খবর নেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

জানা যায়, ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে স্বামীর বাধায় অভিমানে বিষপান করেন গোলাপী বেগম। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে তখনই গোলাপী বেগমের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। পরবর্তীতে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি গোলাপী বেগমের খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন।

রোববার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার ও সামগ্রী নিয়ে প্রত্যন্ত ওই গ্রামে গিয়ে গোলাপী বেগম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।

এ সময় প্রতিমন্ত্রী গোলাপী বেগমকে বোন সম্বোধন করে তার পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতে তার পরিবারের সব ধরনের সহযোগিতার দায়িত্ব গ্রহণের কথাও জানান। প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। এলাকাবাসী তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন