প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম ও ঘরোয়া ক্রিকেটে আলোচিত ব্যাটার অমিত হাসান। দুজনই প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন।
সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে নিজের অবস্থান শক্ত করেছেন তানজিদ তামিম। তবে লাল বলের ফরম্যাটে এতদিন সুযোগ না পাওয়া এই বাঁহাতি ব্যাটারকে এবার অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা। অন্যদিকে, প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত রান করে নির্বাচকদের নজর কাড়েন অমিত হাসান। চলমান বিসিএলের এক ম্যাচে তার ১৬২ রানের ইনিংস নির্বাচকদের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।
এদিকে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সবশেষ ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরের পর এই দুই পেসারকে দলে দেখা যায়নি। এছাড়া প্রায় এক বছর পর স্কোয়াডে জায়গা পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।
নতুন দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন বলেন, 'তানজিদ আমাদের টেস্ট ভাবনায় ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে তার খুব ভালো রেকর্ড রয়েছে এবং আমরা মনে করেছি টেস্টে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ তার প্রাপ্য। তার টেকনিক বেশ ভালো এবং প্রচুর সহজাত প্রতিভা রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে সে যদি সুযোগ পায়, তবে লম্বা ফরম্যাটেও ভালো পারফর্ম করতে পারবে।'
অমিত হাসান সম্পর্কে তিনি বলেন, 'অমিত তার ডাক পাওয়ার যোগ্যতা অর্জন করেছে কারণ সে আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটে অন্যতম ধারাবাহিক ব্যাটার। তার টেম্পারামেন্ট বা মেজাজ বেশ আলাদা এবং আমরা বিশ্বাস করি এটি টেস্ট ক্রিকেটের জন্য মানানসই। এই ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলার প্রয়োজন, এবং সে দীর্ঘ সময় ধরে এই গুণগুলো প্রদর্শন করে আসছে। এই দুই খেলোয়াড়ের সামনে যথেষ্ট সময় রয়েছে এবং তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে সেবা দিতে পারবে।'
দলের নেতৃত্বে আছেন নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজ অনুষ্ঠিত হবে।
আগামী ৮ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেটে। পাকিস্তান দল ৩ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
স্কোয়াডে রয়েছেন: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।
মন্তব্য করুন