বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩ ঘন্টা আগে, ০৪:২৫ পিএম

অনলাইন সংস্করণ

গোপনে নয়, ঘটা করেই বিয়ে করলেন মেহরীন পিরজাদা

ছবি: সংগৃহীত

পুরানো সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় অভিনেত্রী মেহরীন পিরজাদা। ২০২১ সালে বাগদান ভেঙে যাওয়া কিংবা গত বছরের গোপন বিয়ের গুঞ্জন—সবকিছুকে পেছনে ফেলে এবার নিজেই ভক্তদের দিলেন সুখবর। হিমাচল প্রদেশের স্নিগ্ধ পরিবেশে আরশ ওলাখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই দক্ষিণী তারকা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) অত্যন্ত ঘরোয়া কিন্তু আভিজাত্যপূর্ণ আয়োজনে মেহরীন ও আরশের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের বিশেষ মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মেহরীন। প্রকাশিত ছবিতে তাকে দেখা যায় ব্লাশ-পিঙ্ক রঙের একটি জমকালো সিকুইন লেহেঙ্গায়। সাজসজ্জায় ছিল আভিজাত্যের ছোঁয়া—পাথরের লেয়ারড নেকলেস, মানানসই কানের দুল আর হালকা মেকআপে মোহময়ী লাগছিল তাকে। অন্যদিকে তার বর আরশও বেছে নিয়েছিলেন একই রঙের পোশাক। বিয়ের স্মৃতিময় সেই মুহূর্তের ছবির ক্যাপশনে মেহরীন লেখেন, "২৬.০৪.২৬।"

বিগত বছরে যখন তার বিয়ের ভুয়া খবর রটেছিল, তখন প্রতিবাদ জানিয়ে মেহরীন পিরজাদা বলেছিলেন, "আমি অবিবাহিত। আমি কাউকে বিয়ে করিনি। বিশ্বাস করুন, আমি যেদিন সত্যিই বিয়ে করব, সেদিন পুরো দুনিয়াই জানবে,এই প্রতিশ্রুতি দিচ্ছি।" বিয়ের ছবি প্রকাশ্যে এনে নিজের সেই কথারই প্রতিফলন ঘটালেন তিনি।

মাত্র ১০ বছর বয়সে র‍্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা মেহরীন ২০১৩ সালে ‘মিস পারসোনালিটি সাউথ এশিয়া কানাডা’ খেতাব জেতেন। এরপর ২০১৬ সালে তেলেগু সিনেমা ‘কৃষ্ণা গাডি ভীরা প্রেমা গাধা’ দিয়ে রূপালি পর্দায় অভিষেক এবং ২০১৭ সালে ‘ফিল্লোরি’র মাধ্যমে বলিউডে পা রাখেন। বর্তমানে ভক্ত ও সহকর্মীদের অগণিত শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই নবদম্পতি।

মন্তব্য করুন