প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল পর্দায় সবসময়ই আত্মবিশ্বাসী, প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য পরিচিত। তবে ক্যারিয়ারের শুরুর সময় তিনি নিজেকে মোটেও এতটা পরিপক্ব বা আত্মবিশ্বাসী মনে করতেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরু, বিভিন্ন সিদ্ধান্ত এবং ব্যক্তিগত স্বভাব নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। কাজল জানান, ক্যারিয়ারের প্রথম দিকের অনেক সিদ্ধান্ত তিনি পুরো বিষয় না বুঝেই নিয়েছিলেন। তবে সেই সময় নিজের সিদ্ধান্তে তিনি সবসময় অটল ছিলেন।
কাজলের ভাষায়, “আমার মনে হয়, ক্যারিয়ারের শুরুতে আমি খুব জেদি আর বোকা ছিলাম। অনেক সময় না বুঝেই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ভাগ্য ভালো যে, সেই সিদ্ধান্তগুলোর বেশির ভাগই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে।”
তিনি বলেন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে সাহসী সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে। যেমন ক্যারিয়ারের একেবারে তুঙ্গে থাকার সময় অভিনয় থেকে বিরতি নেওয়া কিংবা প্রচলিত নায়িকা চরিত্রের বাইরে গিয়ে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা—এসবই ছিল তার সচেতন সিদ্ধান্ত।
বিশেষ করে একটি চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত তার ক্যারিয়ারে একটি বড় মোড় এনে দেয়। সেই সময় অনেকেই তাকে এমন চরিত্রে অভিনয় না করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। পরে সেই সিদ্ধান্তই দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়।
বর্তমান সময়ে অনেক নারী নিজেদের জীবনে ও পেশায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন—এই পরিবর্তন দেখে কাজল আনন্দিত বলে জানান। তার মতে, একজন নারী যখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তখন সে নিজের শক্তি ও আত্মবিশ্বাসকে আরও ভালোভাবে প্রকাশ করতে পারে।
কাজল বলেন, “আমি সবসময় নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি এবং সেই সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়েছি। আমার এই অদ্ভুত স্বভাব সত্ত্বেও মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে, এজন্য আমি সত্যিই কৃতজ্ঞ।”
কাজের পরিবেশ সম্পর্কেও নিজের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, কোনো চলচ্চিত্রে কাজ করার সময় শুধু ভালো গল্প বা চিত্রনাট্যই নয়, সহকর্মীদের সঙ্গে মানসিক বোঝাপড়াও তার কাছে খুব গুরুত্বপূর্ণ।
তার ভাষায়, “শুটিং সেটে টানা অনেক দিন কাজ করতে হয়। যদি সহকর্মীদের সঙ্গে সম্পর্ক সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ না হয়, তাহলে সেই সময়টা অনেক বেশি কঠিন হয়ে ওঠে। তাই আমি সবসময় এমন মানুষের সঙ্গে কাজ করতে চাই, যাদের সঙ্গে ভালো বোঝাপড়া থাকে।”
কাজলের মতে, অভিনয়জীবনে সফল হওয়ার জন্য শুধু প্রতিভাই নয়, নিজের সিদ্ধান্তে আস্থা রাখা এবং কাজের পরিবেশকে ইতিবাচক রাখা—এই দুটিও সমান গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন