তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ০৯:৪১ পিএম

অনলাইন সংস্করণ

আপিল নয়, হাইকোর্টের নির্দেশে নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশনা কার্যকর করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আপিলে না যাওয়ার সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি।

সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানান, আদালতের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এ নিয়ে কমিশন কোনো আপিল করবে না।

এর আগে নির্ধারিত সময়সীমা পেরিয়ে ১৯ মিনিট দেরিতে মনোনয়নপত্র জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের আবেদন গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তার প্রার্থিতা অনিশ্চয়তায় পড়ে। পরে তিনি হাইকোর্টে আবেদন করলে আদালত মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।

আইন অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়ন গ্রহণের সুযোগ না থাকলেও আদালতের আদেশ প্রসঙ্গে ইসি কমিশনার বলেন, ‘আমরা আদেশ বাস্তবায়ন করবো। কোনো আপিলে যাবো না। কেন না, মামলায় আমাদের পক্ষভূক্ত করা হয়নি।’

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন (নুসরাত ৪টা ১৯ মিনিটে জমা দেন), স্বতন্ত্র জোটের একজন এবং ব্যক্তিগতভাবে তিনজন প্রার্থী ছিলেন।

পরে বাছাই প্রক্রিয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়ন তালিকার বাইরে চলে যায়। একই সময়ে এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিন সরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় অযোগ্য ঘোষিত হন। আপিল করেও তার মনোনয়ন বহাল রাখা সম্ভব হয়নি।

বর্তমানে জামায়াত জোটের ১২ জন প্রার্থী বৈধ হিসেবে টিকে আছেন। বিএনপি জোটের সব ৩৬ জন প্রার্থীই বৈধ রয়েছেন। এছাড়া স্বতন্ত্র জোটের প্রার্থীও বৈধ হয়েছেন। ব্যক্তিগতভাবে মনোনয়ন জমা দেওয়া তিনজনের মধ্যে একজন প্রত্যাহার করেছেন এবং বাকি দুজন অযোগ্য ঘোষণা হয়েছেন।

মন্তব্য করুন