তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: পুলিশে ১৪ হাজার ৫০০ নতুন পদ সৃষ্টি হচ্ছে

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন পদের মধ্যে রয়েছে ৫০০ এএসপি, ৪ হাজার এসআই (নিরস্ত্র) এবং ১০ হাজার কনস্টেবল। এ ছাড়া সরাসরি ২ হাজার এএসআই নিয়োগও দেওয়া হবে। বর্তমানে বাংলাদেশ পুলিশে মোট পদসংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি, যার মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭ এবং নন-পুলিশ আউটসোর্সিং পদ ২ হাজার ৭৬২টি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২ হাজার ৭০৩টি শূন্য কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

একই অধিবেশনে এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সারা দেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। হত্যা মামলায় ৬০৪ জন ও ধর্ষণ মামলায় ৫৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে দায়ী সব আসামির কঠোর সাজা নিশ্চিত করার জন্য মামলাগুলো অত্যন্ত নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। যথাযথ সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে মামলাগুলোতে দ্রুত অভিযোগপত্র দাখিলের কার্যক্রম অব্যাহত আছে।

মন্তব্য করুন